শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ সেতুর পাশ থেকে আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১লাখ ৭৫ হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়। আটকের সময় তাদের ফেলে দেয়া পুঁটলি কুড়িয়ে তার মধ্যে ৩২ পিচ ইয়াবা পায় পুলিশ। উদ্ধারকৃত টাকাগুলো মাদক বিক্রির টাকা বলে পুলিশ জানায়। গতকাল শনিবার আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।
আটককৃতরা হলো হাজীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কংগাইশ ফকির বাড়ির মুকবুল হোসেন (২৬) ও পৌর ৪নং ওয়ার্ডের মকিমাবাদ মজুমদার বাড়ির মোঃ কবির মজুমদার (২৪)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই সাধন চন্দ্র নাথ ও এএসআই আব্দুল মমিনসহ সঙ্গীয় ফোর্স হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ সেতুর পাশে অবস্থান নেয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ী পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় একজন তার সাথে থাকা একটি পুটলি সড়কের পাশে ফেলে দেয়। তখন পুলিশও তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আলাদাভাবে থাকা ৭০ হাজার ৯শ’ ও ১ লাখ টাকা সবমিলিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৯শ’ টাকা নগদ উদ্ধার করে। এছাড়া তাদের ছুড়ে ফেলে দেয়া পুটলি খুঁজে তার মধ্যে ৩২ পিচ ইয়াবা উদ্ধার করে।
শুক্রবার রাতেই ওই দুই মাদক ব্যবসায়ীর নামে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরদিন শনিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগদ টাকা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। তাদের সাথে থাকা টাকাগুলো মাদক বিক্রির টাকা।
