প্রতিনিধি ॥
রং নাম্বারে পরিচয়। তিনমাস কথোপকথন। মঙ্গলবার প্রথম দেখা। বুধবারে শ্রীঘরে মোবাইল প্রেমিক আনোয়ার হোসেন (২৪) ও প্রেমিকা আসমা আক্তার (১৫)।
ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে। বুধবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই মোবাইল প্রেমিক যুগলকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মোবাইল প্রেমিক আনোয়ার হোসেন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার সিরাজ মিয়ার ছেলে। সে রাজধানীর একটি কারখানার চাকুরী করে।
প্রেমিকা আসমা আক্তার হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর গ্রামের আবদুর রবের মেয়ে। সে ধোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
সাজাপ্রাপ্ত মোবাইল প্রেমিক আনোয়ার হোসেন জানান, প্রথমে রং নাম্বারে পরিচয় হয়েছিল। তিন মাস ধরে আমরা কথা বলেছিলাম। মঙ্গলবার বিকেলে প্রথম দেখা করতে এনায়েতপুরে এসেছি। দেখা করতে আসার পর উঁৎ-পেতে রাখা একদল যুবক আমাকে ধরে মেয়ের বাড়ীতে নিয়ে যায়। সেখানে তারা মেয়েকে বিয়ে করা ও দুই লাখ টাকা দাবী করে।
থানার উপ-পরিদর্শক মো. শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একই সময় গাঁজা সেবনের দায়ে সুবিদপুর গ্রামের নুরুল আলমকে ছয় মাসের সাজা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, ছেলের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে সাতদিন ও ছেলে মোবাইলে কথা বলা এবং দেখা করতে আসার অপরাধে সাতদিনের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।
