সাখাওয়াত হোসেন মিথুনঃ
বগুড়ার ধুনটে মাদকদ্রব্যের বিকল্প হিসেবে সলিউশন আঠার নেশায় আসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অভিনব নেশার ফাঁদে পড়ে এলাকার উঠতি বয়সের যুবসমাজ বিপথগামী হচ্ছে। ফলে অভিভাবক মহল তাদের সন্তানের ভবিষ্যত্ জীবনের সাফল্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। অনুসন্ধানে জানা যায়, উপজেলা সদরসহ মথুরাপুর, পেচিবাড়ী, খাটিয়ামারী, মহিশুরা, গোসাইবাড়ী, এলাঙ্গী, জোড়শিমুল, সোনাহাটা বাজার এলাকাসহ গ্রামাঞ্চলের চিহ্নিত অর্ধশত পয়েন্টে মাত্র এক বছর আগেও মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা চলে। হাত বাড়ালেই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহজেই পাওয়া গেছে। এতে মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। মাদকের অবাধ বেচাকেনা ও সেবনে এলাকার সচেতন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এলাকায় নেশাখোরদের মাতলামির শিকার হয়ে সমাজের সাধারণ লোকজন দিশেহারা হয়ে পড়ে। ফলে এলাকাবাসী মাদক নির্মূলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন শাখায় আবেদন করেন। এতে আইন প্রয়োগকারী সংস্থার টনক নড়ে। তারা এক বছর ধরে মাদক বিরোধী অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুনের নেতৃত্বে থানা পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে মহিলাসহ ২০০ জনকে আটক করে। মাদকদ্রব্য বিক্রি, সেবন ও তৈরির অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। এখন মাদকদ্রব্য বেচাকেনা অনেকটাই গোপনে করা হচ্ছে। যে কোনো সেবনকারীর পক্ষে মাদকদ্রব্য কেনা সম্ভব হচ্ছে না। আইন প্রয়োগকারী সংস্থার কড়াকড়ি নজরদারিতে মাদকসেবীরা অবাধে মাদকদ্রব্য পাচ্ছে না। এজন্য তারা মাদকের আইটেম পাল্টিয়েছে। মাদকের জগতে নতুন মাত্রায় যোগ হয়েছে সলিউশন আঠা। যে আঠা যানবাহনের টিউবের ফুটো মেরামতের (তালি) কাজে ব্যবহার হয়। এছাড়া জুতা তৈরি ও মেরামতের জন্যও ওই আঠা ব্যবহার করা হয়। স্থানীয়ভাবে সলিউশন আঠা নামে পরিচিত। তবে নেশাখোররা এর নাম দিয়েছে ড্যান্ডি। যানবাহনের খুচরা যন্ত্রাংশের দোকানে সলিউশন আঠা বেচাকেনা হয়। এক কৌটা সলিউশন আঠার দাম মাত্র ২০ টাকা। ওই আঠা পলিথিনে ঢেলে নিয়ে মুখ ও নাক দিয়ে ১৫-২০ মিনিট নিঃশ্বাস নিলেই সহজে আসক্ত হয়ে পড়ে। এক কৌটা আঠা দিয়ে ৪-৫ জন নেশা করতে পারে। কম দামে অধিক ব্যক্তি নেশা করা যায়। এছাড়া পুলিশের কোনো ঝামেলা নেই। নাম প্রকাশ না করার শর্তে সলিউশন নেশায় আসক্ত এক যুবক জানায়, সলিউশন আঠার তীব্র গন্ধ মুখ ও নাক দিয়ে নিঃশ্বাস নিলে কয়েক মিনিটের মধ্যেই নেশার ভাব হয়। মাথা ঘোরা ও শরীর ঝিম ঝিম করে। তারপর ঘুমের ভাব হয়। প্রায় ১২ ঘণ্টা নেশার ভাব থাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে মেডিকেল অফিসার ডা. এনামুল হক বলেন, আঠার গন্ধ নাকে বা মুখে নিলে স্মৃতিশক্তি কমে যায়। হার্ট ও কিডনিতে সমস্যা হয়। এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, এটা নতুন উদ্ভাবিত নেশা। এর আগে কখনও এ নেশার কথা শোনা যায়নি। তবে যা দিয়েই নেশা করুক না কেন, আসক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
