হাতকড়াসহ চাঁদপুর মডেল থানা থেকে দুই আসামী পালিয়ে গেছে। মঙ্গলবার রাত ২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চাঁদপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটকের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। তবে পুলিশ এখনো আটক করতে পারেনি।
জানা গেছে, চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চিহ্নিত মোটর সাইকেল চোর চক্রের হোতা শফিকুর রহমানের ছেলে মোঃ সাগর হোসেন (৩০) কে চাঁদপুর মডেল থানার এ এস আই আহসানুজ্জামান লাবু ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার গভীর রাতে আটক করে। মঙ্গলবার আদালতে নেয়া হলে সে জামিনে রয়েছে জানতে পেরে পুলিশ তাকে পুনরায় থানায় নিয়ে আসে। অপরদিকে মঙ্গলবার রাত ৯টায় শহরের প্রফেসর পাড়া এলাকার হাফেজ (২৫) ও কসাই কালু (৩০) নামে দু ছিনতাইকারী চাঁদপুর প্রেসক্লাব এলাকায় জনৈক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা তাদের ধাওয়া করলে কালু পালিয়ে গেলে হাফেজকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে। ঐ দিন রাত আনুমানিক ২টায় আটক সাগর ও হাফেজ কর্তব্যরত পুলিশ সদস্য ইউসুফকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বললে ইউসুফ আসামিদের হ্যান্ডকাপ পরিয়ে বাইরে নিয়ে যায়। ইউসুফের চোঁখ ফাকি দিয়ে ২ আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়।
এ ঘটনার পর চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এ এইচ এনায়েত উদ্দিন পিপিএমসহ পুলিশ সদস্যরা পলাতক আসামীদের খোঁজে শহরের সর্বত্র রাতভর অভিযান চালায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত পলাতক আসামীদের সন্ধান পায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ঐ দু আসামীকে আটকের চেষ্টা চলছে। তবে এ ধরণের ঘটনা অবশ্যই কাম্য নয়। তদন্ত চলছে, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

