প্রতিনিধি মতলব উত্তর-দক্ষিণ উপজেলার মধ্যস্থল মেঘনা নদীর মেঘনা ধনাগোদা শাখা নদীর ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর ও ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া সংলগ্ন নদীতে কর্তৃপক্ষের অনুমতিবিহীন অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি মহল। এক সপ্তাহ ধরে প্রতিনিয়ত দিন-রাত বালু উত্তোলন করে চলেছে। সর্বমহলে প্রশ্ন উঠেছে, মূল হোতাদের খুঁটির জোর কোথায়? অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর দুই পাশের ফসলী জমি ভেঙ্গে অনেক ক্ষতি হচ্ছে। পাশেই তৈরি হচ্ছে সরকারের বহু টাকায় নির্মিত আইটি পার্ক। অবৈধভাবে বালু উত্তোলন করায় সরকারের বহু টাকায় নির্মিত আইটি পার্ক স্থাপনের স্বপ্ন ভেঙ্গে যেতে পারে।
গতকাল শনিবার বিকেলে সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু, একই গ্রামের আরেক বিএনপি নেতা সোলেমান ও গাজীপুর গ্রামের মারফত আলী গং কদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন কমপক্ষে ১২-১৩টা বালু জাহাজ এখান থেকে বালু নিয়ে যায়। গতকাল বিকেলে দেখা গেল একটি জাহাজ বালু নিয়ে যাচ্ছে, আরেকটি বালু ভরছে এবং আরো কয়েকটি বালু ভর্তির জন্যে অপেক্ষা করছে। আল-মদিনা, ইমা, ইয়বার্তা, স্বপ্না, ফরাজী ও রিপন মোল্লা নামের ৬টি বালু জাহাজ আনা নেয়ার কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কজন জাহাজ শ্রমিক জানান, দিন-রাত মিলে এখানে কমপক্ষে ১২-১৩টা বালু জাহাজ আসে, বালু নিয়ে যায়। একটি বালু জাহাজে সর্বনিম্ন ৫ হাজার ফুট থেকে শুরু করে ৯ হাজার ফুট পর্যন্ত বালু ধরে। এ বিষয়ে সোলেমানকে ও মারফত আলীকে ফোন দিয়ে তাদের বক্তব্য জানতে চাইলে তারা রিসিভ না করে সংযোগ কেটে দেন।
