
শওকত আলী:
চাঁদপুরে মাদক বহনের অপরাধে ফারুক হোসেন (৩৫) ও সাদ্দাম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২৫ বছর করে কারাদন্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ দন্ডাদেশ দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মামুনুর রশিদ। ফারুক ও সাদ্দাম কুমিল্লা জেলার ব্রাহ্মন পাড়ার শ্বশিতল এলাকার ফিরোজ মিয়া এবং আবুল কাশেমের ছেলে। জানাযায়, ২০১০ সালের ১৫ মে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী বোগদাদ পরিবহনের একটি বাস থেকে ফারুককে ২৬ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাজা এবং সাদ্দামকে ২৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ১শ’ গ্রাম গাজাসহ আটক করে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার ২০১০ সালের ২৬ জুন আদালতে আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সাইয়্যেদুল ইসলাম বাবু জানান, দীর্ঘ ৬ বছর মামলা চলমান থাকার পর ৮জনের সাক্ষ্য গ্রহন করেন আদালত। সন্দাহিতভাবে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উল্লেখিত রায় প্রদান করেন।
