
৩০ নভেম্বরের পর থেকে ডিজিটাল সেট টপ বক্স ছাড়া ঢাকা ও চট্টগ্রামে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না। এ সময়ের মধ্যে এই দুই বিভাগীয় শহরের গ্রাহকদের ডিজিটাল সেট টপ স্থাপনের অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে সম্মানিত ডিশ ক্যাবল গ্রাহকগণকে এই সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।
