চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলা, রেলপথে অগ্নিসংযোগ, ট্রেন ও স্টেশনে ভাংচুরের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১৭৯ জনের নাম উল্লেখ করে ও ১৬শ’ অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে দায়িত্ব থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসএই/ওয়ে আব্দুল হাই ও রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস, এ.এস.আই. নাজমুল সাকিব সজিব ও আব্দুল মতিন বাদী হয়ে এ মামলাগুলো দায়ের করে।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর চাঁদপুর-লাকসাম রেলপথের শাহাতলী এলাকায় রেললাইনের ফিস প্লেট খুলে মেঘনা এক্সেপ্রেসের দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর, বাকিলা ও আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, স্বপন মাহমুদ ও দেলোয়ার হোসেন মাস্টারসহ ৫৯ জনের নাম উল্লেখ্য করে ও ৪০ জনকে অজ্ঞাত নামা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে গত রোববার ৩ ডিসেম্বর চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের-শাহরাস্তির মধ্যবর্তী স্থান নাওড়া নামক স্থানে রেল লাইনের ফিস প্লেট খুলে ১শ’ ফিট লাইন উপড়ে ফেলায়, ৪শ’ জনকে অজ্ঞাত নামা ও ৪৩ জনের নাম উল্লেখ করে ওসি সুভাষ কান্তি বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।
এছাড়া গত ২ ডিসেম্বর অজ্ঞাত নামা ৪শ’ জন ও ৪৩ জনের নাম উল্লেখ করে অপর একটি মামলা করা হয়। গত ২৮ নভেম্বর শহরের কোর্ট স্টেশন এলাকায় ব্রিজে অগ্নিসংযোগ করায় অজ্ঞাতনামা ৪শ’ জনকে আসামী করে একটি মামলা ও আক্কাছ আলী সংলগ্ন রেলপথে অগ্নিসংযোগের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩শ’ জনকে আসামী করে অপর একটি মামলা করা হয়।
গত ২৭ নভেম্বর এই পথের উয়ারুক নামক স্থানে রেলপথের লাইন উপড়ে ফেলার ঘটনায় ৩শ’ জন অজ্ঞাত নামা ও ৩৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। অপরদিকে শহরের আক্কাছ আলী স্কুল সংলগ্ন রেলপথে অগ্নিসংযোগ, গুণরাজদী, মিশন রোড, দর্জি ঘাট ও শহরের বকুলতলা এলাকায় গত ২৬ নভেম্বর রেলপথে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা ও স্টেশন ভাংচুরের ঘটনায় ৪শ’ জনকে অজ্ঞাত নামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সর্বমোট নাম উল্লেখ করে ২২২ জনকে ও অজ্ঞাতনামা আসামী করে ২ হাজার ২শ’ ৪০ জনের বিরুদ্ধে উপরোক্ত ৭টি মামলা দায়ের করা হয়েছে।

