চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক জাকির মৃধা

অবশেষে বহুল আলোচিত, কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন্ হয়েছে। উৎসবমুখর পরিবেশে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে চাঁদপুর শহরের সর্ববৃহৎ বিপণী বিতান রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির এ নির্বাচন আদালতের নির্দেশে এবং ধার্যকৃত তারিখে গতকাল ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণায় দেখা যায় যে, সাধারণ সম্পাদক পদে হাফেজ জাকির হোসেন মৃধা, সহ-সভাপতি পদে আলহাজ্ব মজিবুর রহমান আখন্দ ও মোঃ মহসিন মিয়াসহ ১৭টি পদের মধ্যে ১৫জন নির্বাচিত হন। আর সভাপতি পদে আনোয়ার হোসেন আনু ও প্রচার সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান শেখ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী। তাঁকে সহযোগিতা করেন অপর দুই নির্বাচন কমিশনার আলহাজ্ব মুজাফ্ফর হোসেন ভূঁইয়া ও জাফর আহমেদ। প্রিজাইডিং অফিসার ছিলেন মোস্তফা কামাল উদ্দিন আহমেদ, সহকারী প্রিজাইডিং অফিসার আফম শাহাদাত হোসেন আর পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন অঞ্জন দত্ত ও আবুল কালাম আজাদ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন চাঁদপুর মডেল থানার এসআই আঃ হালিম ও অনুপ চক্রবর্তীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
প্রধান নির্বাচন কমিশনার কামাল উদ্দিন পাটওয়ারী জানান, মোট ২৪৪জন ভোটারের মধ্যে ২৩১জন ভোট প্রদান করেছেন। ভোট প্রদানের হার ছিলো ৯৫%। মার্কেটের সবার সহযোগিতায় এ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন (গভঃ রেজিঃ ন-চট্টগ্রাম : ২৮০৭)-এর চূড়ান্ত ফলাফলে বিজয়ীরা হলেন : আলহাজ্ব মোঃ আনোয়ার হোসাইন আনু (ছাতা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সহ-সভাপতি দু’জন মোঃ মহসিন মিয়া (মই) প্রাপ্ত ভোট ১১০ ও আলহাজ্ব মজিবুর রহমান আখন্দ (মাছ) প্রাপ্ত ভোট ৯৫। এ দু’জনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল পাটওয়ারী (দোয়াত কলম) ৭২ ও কাজী নজরুল ইসলাম সোহেল (সাইকেল) ৭০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাফেজ জাকির হোসেন মৃধা (মোবাইল) প্রাপ্ত ভোট ১৪০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদিন (ঘড়ি) পেয়েছেন ৬৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচিত হন মোঃ আল-আমিন (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ১১০ ও হুমায়ূন কবির খোকন গাজী (তালা) প্রাপ্ত ভোট ১০৯। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ নন্দী বিশু (ফুটবল) পেয়েছেন ৮২ ভোট। কোষাধ্যক্ষ নির্বাচিত হন মজিবুর রহমান জুয়েল (হরিণ) প্রাপ্ত ভোট ১১৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আফজাল পলাশ (টেবিল) পেয়েছেন ৯২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন মোঃ ইকবাল হোসেন (খেজুর গাছ) ১০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল ভূঁইয়া (প্রাইভেটকার) পেয়েছেন ৯৫ ভোট। দপ্তর সম্পাদক পদে বিজয়ী হন মোঃ সাইফুল ইসলাম (গ্লাস) প্রাপ্ত ভোট ১৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মোজাম্মেল হোসেন (টেবিল ল্যাম্প) প্রাপ্ত ভোট ৫৪।
ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয়ী হন মোঃ আলী হোসেন। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ১২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির (মোমবাতি) পেয়েছেন ৮৩ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান শেখ (আম) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সদস্য পদে বিজয়ী ৪জন হলেন : মোঃ ইসহাক মিজি (জগ) ১৫৬, মোঃ আমিনুল ইসলাম (পেঁপে) ১৪১, মোঃ মাহবুব আলম খোকন (কাঁঠাল) ১২১ ও মোঃ দেলোয়ার হোসেন (আঙ্গুর) পেয়েছেন ১১৮ ভোট।
সদস্য পদে মাত্র ৪ ভোটের ব্যবধানে হেরে যান মোঃ আব্দুল আউয়াল (আপেল), তার প্রাপ্ত ভোট ১১৪।
উল্লেখ্য, আইনি জটিলতায় দু’ দফা এ নির্বাচন স্থগিত হয়ে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মার্কেট ব্যবসায়ীসহ শহরের সর্বমহলে স্বস্তি ফিরে আসে। আর এটিই হচ্ছে এ মার্কেটের সর্বপ্রথম নির্বাচিত কমিটি।
