মিজান লিটন
প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার ৪০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সোমবার সকাল থেকে এসব গ্রামের হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন।
আজ সকাল ১০টায় বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নতুন জামা-কাপড় পরে শিশু-কিশোরসহ সবাই ঈদের নামাজ আদায় করতে সমবেত হন মসজিদে। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতরী ও চড়কগাছিয়া গ্রামের পাঁচ শতাধিক পরিবার আজ ঈদ উদযাপন করছেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, মনিহার, অলিপুর, বড়কূল, সমেশপুর, জাঁকনি, রামচন্দ্রপুর, প্রতাপুর, বেলচো, উভারামপুর, সুরঙ্গচাল ও গোবিন্দপুর; ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ, বিঘা, বাছপাড়া, খিলা, ওড়তলী, বালিথুবা, শোলা, রূপসা, গোয়ালভাওর, কড়ৈইতলী, নোয়ারহাট, বাশারা, পনিসাইর, কামতা, পাইকপাড়া, কাইতারা, টোরামুন্সীরহাট, মূল পাড়া, বদরপুর, তেলিসাইর এবং মতলবের আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচানি, দশানী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব গ্রামের হাট-বাজার ও ঈদগাহ বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম মাওলানা ইসহাক খানের চতুর্থ ছেলে মাওলানা জাকারিয়া আল মাদানী এক দিন আগে ঈদ পালনের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদের চাঁদ ওঠার খবর পাওয়ায় তাঁরা এক দিন আগে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বাবা বিশ্বের অন্য কোথাও চাঁদ উঠেছে শুনে ১৯৩১ সালে প্রথম হাজীগঞ্জের সাদ্রা গ্রামে এ রীতি চালু করেন। এর পর থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি গ্রামে, ফরিদগঞ্জ উপজেলার ২২টি গ্রামে ও মতলব উত্তর উপজেলার সাতটি গ্রামের অর্ধ লাখ মুসলমান এ নীতি অনুসরণ করে চলেছেন
