জানা গেছে, জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতির পরিচালিত ফরিদগঞ্জ মেডিকেল সেন্টারের ৬ষ্ঠ তলায় সমিতির প্রধান কার্যালয়ে গত কয়েক মাস ধরে সমিতির গ্রাহকরা তাদের পাওনা টাকা আদায় করতে ভিড় করে। কিন্তু বারবার তারা এসে তাদের লগ্নীকৃত অর্থ না পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ভবনটির প্রধান ফটকে তারা তালা লাগিয়ে দেয়।
শিহাব নামে এক গ্রাহক জানান, তিনি ১৩ লাখ টাকা এ সমিতিতে আমানত রাখেন। কিন্তু দীর্ঘদিন টাকার জন্য তাদের দ্বারস্থ হয়েও কোনো টাকা ফেরৎ পাননি। এরই জের ধরে বিক্ষুব্ধ গ্রাহকরা বৃহস্পতিবার সকালে অফিসের সামনে জড়ো হয়ে তালা ঝুলিয়ে দেয়।
হাসপাতালের একজন রোগীর স্বজন জানান, হঠাৎ ৮/১০জন লোক এসে সবাইকে ১০ মিনিটের মধ্যে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলে। এ ব্যাপারে সমিতির পরিচালক মিজানুর রহমান আরজু ফোনে জানান, এ সমস্যা আমরা অতি দ্রুত নিরসন করবো। অনেক গ্রাহকের টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের ভবনসহ অনেক জায়গা রয়েছে। তা বিক্রি করতে পারলেই দ্রুত গ্রাহকের টাকা পরিশোধ করতে পারবো।

