অভিজিত রায় ॥
২০১৫ সালের এইচ.এস.সি ও আলিম পরীক্ষার প্রস্তুতিমূলক সভা বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আঃ মতিন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বর্তমান সভাপতি শহীদ পাটওয়ারী প্রমূখ।
গত বছরের সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। গত বছর পরীক্ষার যেসব নীতিমালা ছিলো সেই সব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বক্তব্যে বলেন, পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচী থাকলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশ্ন বের করে আনার সময় অবশ্যই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থাকতে হবে। কেন্দ্র প্রধানগণ অবশ্যই বোর্ডের নীতিমাল একাধিকবার পড়ে নিবেন। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আসন বিন্যাস হবে জেড পদ্ধতিতে। ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়া গেলে তা আর ফেরৎ দেয়া হবে না। কেন্দ্রে কোন পরিদর্শকগণ নিয়ম ভঙ্গ করলে বিধান মোতাবেক শাস্তি হবে। কেন্দ্র প্রদান গণ বসে না থেকে একাধিকবার হলগুলো পরিদর্শন করবেন। সুন্দরভাবে পরীক্ষা নেয়াই আমাদের উদ্দেশ্য। আলোচনায় ফলাফল আসবে না, যদি তা কার্যকর না হয়।
আবু নঈম দুলাল পাটওয়ারী কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে করে বলেন, এমন কোন কার্যক্রম করবেন না, যে কাজে আপনারা লজ্জিত হন, আমরাও লজ্জিত হই।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে রাজনৈতিক অবস্থা ভালো থাকলে পুলিশের সহযোগিতা থাকবে। কেন্দ্র সচিবদের নৈতিক দৃঢ়তা থাকতে হবে। আমরা আপনাদের পাশে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, পুরাণ বাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহম্মেদ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার কেন্দ্র প্রধানগণ।

