মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে বিএনপি নেতা ও সমাজসেবক শাহজাহান ভূইয়া (৫১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। গত শুক্রবার রাত ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ নিজমেহার (তালতলা) গ্রামের ভূইয়া বাড়ীর মৃত তাজুল ইসলামের পুত্র ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান ভূইয়া দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভোগছিলেন। প্রায় মাস খানেক তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। অতঃপর তিনি চিকিৎসাধীন থেকে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়-সজন ও বহু গুণগ্রাহী রেখে যান।
শনিবার বাদ জোহর তালতলা এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও. আবুল হোসেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ বাবুল আক্তার, উপজেলা ছাত্রদল নেতা জুবায়ের আল নাহিয়ান রাজু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও হাজারো মুসল্লী মরহুমের জানাজায় অংশ নেন।জানাজায় ইমামতি করেন ষোল পুকুরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।মরহুমের বড় পুত্র মাওলানা মোঃ খোরশেদ আলম তার পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়রের শোক ॥
শাহরাস্তি উপজেলা বিএনপি নেতা ও পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভূইয়ার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী ও পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

