
আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৭। এ নির্বাচনকে সামনে রেখে দুটি প্যানেলের প্রার্থীদের মধ্যে চলছে প্রচার-প্রচারণা। ২৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২শ’ ৬৯জন ভোটার এবার ভোট প্রদান করবেন।
গতকাল ১৬ জানুয়ারি সোমবার দুপুরে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন দুটি প্যানেলের প্রার্থীরা। প্যানেল দুটি হচ্ছে সমমনা আইনজীবী ঐক্য প্যানেল (বিএনপি সমর্থিত) ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত)। সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে সভাপতি পদে অ্যাডঃ সেলিম আকবর ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়াসহ দু প্যানেলের অন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
গত রোববার বিকেলে জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী গতকাল ১৬ জানুয়ারি সোমবার ছিলো দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মনোনয়নপত্র দাখিল, বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাচাই, ৪টা ১০ মিনিটে আপত্তি দাখিল ও সাড়ে ৪টায় আপত্তি শুনানি। আজ ১৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ধার্য করা হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ সহিদুল হক খান।
