স্টাফ রিপোর্টার:
মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় দক্ষিণ অঞ্চলের একটি লঞ্চকে ডাকাতরা ধাওয়া করেছে। গতকাল শুক্রবার রাত ১০টার পর হাইমচরের কাছাকাছি জায়গায় হাতিয়াগামী এমভি ফারহান-৪ নামক যাত্রীবাহী লঞ্চের পেছনে একটি ট্রলার আসতে দেখে যাত্রীরা ডাকাত আতঙ্ক মনে করে তখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশের এসপি সুব্রত হালদার।
তিনি আরো জানান, ডিএমপির একজন কমিশনারের কাছ থেকে লঞ্চে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। সাথে সাথে সদর, আলুর বাজার ও হাইমচরে নীল কমল ফাঁড়ির নৌপুলিশের পৃথক তিনটি দল স্পীডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে যাবার পর পুলিশ সেখানে কিছুই পায়নি। লঞ্চটি দ্রুত চালিয়ে নিরাপদে গন্তব্যের দিকে রওয়ানা হয়ে গেছে।
এসপি সুব্রত হালদার আরো জানান, যাত্রীদের ধারনা ছিলো লঞ্চের পেছনে একটি ট্রলার সম্ভবত ডাকাতি করবে তাই লঞ্চটির ধরার জন্য ধাওয়া করে আসছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
এদিকে একটি সূত্র জানায়, ডাকাতদের নিবৃত্ত করতে লঞ্চ থেকে আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যায় হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে বলে জানা যায়।
