ফাইভ স্টার শিশু পার্কের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
চাঁদপুরে শিশু পার্ক থেকে ১৪ যুবক-যুবতী আটক
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের গোয়েন্দা পুলিশ শিশু পার্ক থেকে ১৪ যুবক-যুবতীকে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে। এদের মধ্যে ৭ জন যুবতী ও ৭ জন যুবক ছিল। এরা স্কুল, কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী, প্রবাসীর স্ত্রী, অপ্রাপ্ত বয়স্ক যুবক-যুবতী রয়েছে। রোববার বিকেলে বাবুরহাট ফাইভস্টার শিশু পার্কে উপ-পরিদর্শক মাসতে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ‘আপত্তিকর’ অবস্থায় তাদের আটক করে। পরে রাতে যুবক-যুবতীদের থানায় নিয়ে যাওয়া হয়। এ অভিযানে আটককৃতদেরকে থানায় নিয়ে আসার সময় ফাইভস্টার মালিক পক্ষের মিজান খান ও মালেক খান এর স্বাক্ষর নেয়া হয়।
চাঁদপুর ডিবি পুলিশের ওসি মোঃ মোস্তফা কামাল জানান, অভিযানে আটককৃতদের অভিভাবক ডেকে এনে মুচলেকা দিয়ে পারিবারিক জিম্মায় ছেড়ে দেওয়া হবে।’ এছাড়া ফাইভস্টার মালিক পক্ষের মিজান খান ও মালেক খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠানো হবে। তিনি আরো জানান, স্কুল কলেজের ড্রেস পরিহিত অবস্থায় কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। ফ্যামিলি ছাড়া দু’জন ছেলে মেয়ে একত্রে প্রবেশ করতে পারবে না। কোন স্কুল কলেজ পিকনিক করতে আসলে অনুমতিপত্র দেখাতে হবে। দর্শনার্থীদের প্রত্যেকের নাম ঠিকানা/মোবাইল নম্বর লিপিবদ্ধ করতে হবে এবং প্রত্যেকের ছবি তুলে রাখতে হবে। সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। পার্কের ভিতর দর্শনার্থীরা কোন প্রকার আপত্তিকর বা জনসাধারণের বিরক্তিকর কার্যকলাপ করতে পারবে না।
