ফরিদগঞ্জে নূতন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে এবং দ্রুত বিদ্যুৎ লাইন নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। একই সাথে বিদ্যুৎ দেয়ার নামে অর্থ আদায় করা এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করেছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা জানায়, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামের প্রায় দুশত পরিবারকে তিন বছর পূর্বে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ বেগ। তাঁর সাথে মিটার প্রতি ১৫ হাজার টাকা করে মৌখিক চুক্তি হয়। সেই অনুযায়ী তিনি মিটার প্রতি গ্রাহকদের কাছ থেকে ৫ হাজার টাকা করে তার লোকজন দিয়ে আদায় করেন। কিন্তু গত তিন বছরেও নূতন বিদ্যুৎ লাইন নির্মাণের কোন লক্ষণ দেখতে না পারায় বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। তারা মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় খাজুরিয়া বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে। এক পর্যায়ে তারা ফরিদগঞ্জ-ব্রহ্মপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।
বিক্ষুব্ধ গ্রাহক মাসুম, নূরজাহান বেগম, মোরশেদ আলম, জাকির হোসেন, নূর আলমসহ অন্য লোকজন জানান, জনপ্রতি গ্রাহকদের কাছ থেকে ৫ হাজার টাকা করে তিন বছর পূর্বে ১০ লাখ টাকা ইলিয়াছ বেগ আদায় করলেও নূতন বিদ্যুৎ লাইন নির্মাণের কোনো চিহ্নই তারা দেখতে পারেননি। অথচ পার্শ্ববর্তী আদশা গ্রামে তিন মাসের মধ্যেই নূতন বিদ্যুৎ লাইন চালু হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে অর্থ হাতিয়ে নিয়ে কাজ না করার প্রতিবাদ ও দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবিতে মাঠে নেমেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, তিনি নিজে বাড়ি থেকে ফেরার পথে সড়ক অবরোধের মধ্যে পড়েন। পরে তিনি লোকজনের সাথে কথা বললে তারা জানান, বিদ্যুতের নামে টাকা নিয়ে কাজ না করায় তারা আন্দোলন করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করে জানান, ঘটনা শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে তিনি লোকজনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, সরকার প্রতিটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে। স্থানীয় সংসদ সদস্য মহোদয় নিজে ২০১৮ সালের মধ্যে ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পেঁৗছে দেয়ার জন্য নিরলস কাজ করে চলছেন। সেখানে বিদ্যুৎ দেয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ বেগ জানান, হুগলি গ্রামে আড়াই কিলোমিটার বিদ্যুৎ লাইনের কাজ চলমান রয়েছে। একটি চক্র লোকজনকে ভুল বুঝিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
