
খন্দকার আরিফ ॥
হাজীগঞ্জে জলাশায়ে ঝোঁপের ভেতর এক অজ্ঞাত যুবকের (৩৫) ভাসমান অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ৭ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া উত্তর মাঠে তৈয়ব আলী মাস্টারের পরিত্যক্ত বাড়ি সংলগ্ন পানিতে ঝোঁপের ভেতর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে ওই পরিত্যক্ত বাড়িতে জনৈক এক ব্যক্তি তার শিশু সন্তানকে খুঁজতে গিয়ে ঝোপের ভিতর ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়।
এ দিকে ভাসমান লাশের খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান সরকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কথা হলে মিজানুর রহমান বলেন, মরদেহ চেনার কোন উপায় নেই। মুখমন্ডলের শুধু কংকাল রয়েছে। মরদেহের গায়ে বেগুনী ও গোলাপী রংয়ের স্টেপের শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, লাশ ভেসে থাকার কথা শুনে পুলিশকে খবর দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় কোন ব্যক্তির মরদেহ নয়, যদি হতো এতক্ষনে জানতে পারতাম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
