চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার হরিনা থেকে শুরু করে রাজরাজেশ^র ইউনিয়নের মেঘনা নদী এলাকায় ইলিশের পোনা জাটকা নিধনের অপরাধে ৪ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ মার্চ) দুপুর দেড়টায় চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ভিষেক দাশ।
দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামের মালেক মাঝির ছেলে আল-আমিন (২৮), একই জেলার লক্ষ্মীপুর গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে দাদন মোল্লা (৪০), শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিপাটা গ্রামের মফিজল পরমানিকের ছেলে বাদল পরামানিক (২৭) ও একই এলাকার আবুল কালাম খন্দকারের ছেলে আরিফ হোসেন (২০)।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর হরিণা ফেরিঘাট থেকে শুরু করে রাজরাজেশ^র ইউনিয়নের উত্তর এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় জাটকা নিধন অবস্থায় হাতে নাতে আটক করা হয় ৬ জেলেকে। এদের মধ্যে দুইজন শিশু হওয়ার কারণে মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়। একই সময় তাদের কাছ থেকে ১০ কেজি জাটকা ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জাটকা স্থানীয় এতিমদের মাঝে বিতরণ এবং জেলেদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
