
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শরীরে বিস্নচিং পাউডারের
দ্রবণ ছিটাতে নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায়
দেশের সব সিভিল সার্জনদের এ নির্দেশনা দিয়ে তাদের চিঠি দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক শাহনীলা ফেরদৌসী
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকায় সরাসরি মানবদেহে
জীবাণুনাশক ছড়ানো ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা
গেছে যে, ওই কাজে জীবাণুনাশক হিসেবে বিস্নচিং পাউডারের (হাইপোক্লোরাইট)
দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ-মুখের জন্য
ক্ষতিকর।
চিঠিতে বলা হয়, এই রূপ ছড়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী
বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদফতর বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ
করে। তাই দেশের এই দ্রবণ ছিটানো বন্ধের নির্দেশনা দেয়া হল।
বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শমতে, সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে অন্তত ২২
সেকেন্ড ভালোভাবে বার বার হাত ধুয়ে এবং একই সঙ্গে যেসব জিনিসপত্র ধরা
হচ্ছে সেগুলো জীবাণুমুক্ত করে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব। কিন্তু দেশে
করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ছিটানোর মেশিন ও বিস্নচিং পাউডারের
ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
