
অন্যান্য দিনের মতো শুক্রবারও সান্ধ্যকালীন জোয়ারে মেঘনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে শহরের অনেক এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পুরাণবাজার ডিগ্রি কলেজ সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। ছবিতে সেই দৃশ্য দেখা যাচ্ছে। নূতনবাজার-পুরাণবাজার ব্রিজের পাশে মমিনবাগে জোয়ারের পানি উঠেছে। সেখানকার রাস্তা কাদা-পানিতে একাকার। আবাসিক এই এলাকার প্রায় আড়াইশ’ পরিবার এই পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে চরাঞ্চলসহ নদীর পাড়ের মানুষগুলো আছেন অনেক কষ্টে। বন্যার শঙ্কা থাকলেও চাঁদপুর অঞ্চলের মেঘনার পানি জোয়ারে বাড়ে এবং ভাটায় নেমে যায়। বন্যার পানি স্থিতিশীল থাকছে না। এ তথ্য পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আক্তারের। শুক্রবারও নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।
