
ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে এক কিশোরী(১৬)কে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (২৫) নামে পল্লী বিদ্যুতের এক ঠিকাদারের কর্মীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে গত বুধবার বিকেলে ওই কিশোরীর পিতা থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, কয়েক মাস পূর্বে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী মিজানুর রহমান ফরিদগঞ্জ পৌর এলাকার সাফুয়া এলাকায় কাজ করার সময় পরিচয় হয় পার্শ্ববর্তী খেয়া ঘাটের মাঝির মেয়ে ওই কিশোরীর সাথে। পরবর্তীতে পরিচয় সূত্র ধরে মুঠোফোনে আলাপের এক পর্যায়ে গত ১ ডিসেম্বর রাতে মিজানুর রহমান ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তার এক নিকটাত্মীয়ের বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ করে। পরে ওই কিশোরীটি পালিয়ে এসে তার পরিবারকে ঘটনা জানায়।
গত ১৫ডিসেম্বর মঙ্গলবার রাতে তাকে আবারো অপহরণের চেষ্টা করে ওই যুবক। পরিবারের লোকজন টের পেলে সে পালিয়ে যায়। পরে বুধবার বিকেলে ওই কিশোরীর পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামী মিজানুর রহমানকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
