
চাঁদপুর : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার দেওয়ান আরশাদ আলী আর বেঁচে নেই।
সোমবার (২৯ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
দেওয়ান আরশাদ আলী চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর রোটারি ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
সাবেক এই ক্রীড়া সংগঠনের মৃত্যুর খবর পেয়ে সাথে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়গণ ছুটে আসেন তাকে এক নজর দেখার জন্য। তার মৃত্যুতে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদপুর আউটার স্টেডিয়ামে নামাজে জানাযা শেষে আজ রাতেই পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দেওয়ান আরশাদ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি কমিটির সদস্য, চাঁদপুর অঙ্কুর কচিকাঁচার মেলার উপদেষ্টা গোলাম কিবরিয়া জীবনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকবৃন্দ।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
