
স্টাফ রিপোর্টার:: জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতায় এখন অনেক পরিবর্তন এসেছে। খুব দ্রুত সময় এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর পড়ার সুযোগ হয়। বিশেষ করে অনলাইন পত্রিকাগুলো এগিয়ে যাচ্ছে। অনলাইন পত্রিকার জন্য প্রিন্ট পত্রিকাগুলো চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইতোমধ্যে বিশে^র অনেকগুলো ইংরেজি প্রিন্ট পত্রিকা প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইন এর উপর নির্ভর করছে।
রোববার (১৯ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক সমাবেশ ও কর্মশালায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকতার মান এখন অনেকটাই ভালো। ভারতের সাংবাদিকতার সাথে তুলনা করলে আমরা অনেক এগিয়ে আছি। কিন্তু সাংবাদিকরা তাদের পরিশ্রম অনুযায়ী তার প্রতিষ্ঠান থেকে যথাযথ সম্মানী পায়না। এতে করে পরিবারের খরচ মেটাতে তাদের অনেক কষ্টসাধ্য হয়।
সফিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^র মধ্যে সবচেয়ে সাহসী রাষ্ট্র নায়ক। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য সব চাইতে হুমকি হচ্ছে জঙ্গিবাদ ও মাদক। দেশের উন্নয়নে সবচাইতে বাঁধা হয়ে দাঁড়ায় জঙ্গিবাদ ও মাদক। মাদকের সাথে জড়িতরাই এখন জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসছে। অনেকেই মাদকের টাকায় সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার চেষ্টা করছে। এই মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদেরও আন্তরিক হয়ে ভূমিকা রাখতে হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, সংবর্ধিত অতিথি জয়নাল আবেদিন মজুমদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত প্রমূখ।
কর্মশালায় ঢাকা থেকে আগত দুইজন সাংবাদিক জেলা ও উপজেলা সদরের দেড় শতাধিক সাংবাদিকদেরকে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সফিকুর রহমান ও ব্যবসায়ী জয়নাল আবেদিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
