কচুয়া ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত ও শিক্ষার্থীদের উপর যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার (১৭) আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শামসুন্নাহার। তিনি কচুয়ার এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দিবেন না বলে জানান। তিনি বলেন, অপরাধীরা রাজনৈতিক পরিচয় মূখ্য বিষয় নয়। আমরা আইনি পক্রিয়ায় এগিয়ে যাব। ঘটনার পর থেকে এ পর্যন্ত ৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেপতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
শামসুন্নাহার বলেন, গ্রেফতারকৃত আসামীদের রাতে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল মঙ্গলবার আদালতে প্রেরণ এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল হাজীগঞ্জ) আব্দুল হানিফ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শাহ্ মো. মাকছুদুল আলম, সাংগঠনিক সম্পাদক জিএম শাহীন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আলম পলাশ, ৭১’ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের পলাশ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

