চাঁদপুর সংবাদদাতা॥
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, রেলওয়ে কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাকাল থেকে কোনো পুলিশ সুপার এখানে আসেনি, সে সুবাদে আমি ভাগ্যবান। এ স্কুলের শিক্ষার মান অনেক ভালো। স্কুলের বাচ্চারা ক্রীড়া অনুষ্ঠানে সুন্দর ডিসপ্লে উপস্থাপন করেছে। তিনি বলেন, সরকার অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে পড়াশোনার জন্যে। এখন আর নারীরা পিছিয়ে থাকার সুযোগ নেই। নারীদের পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা অর্জন করতে হবে। নারী হিসেবে সে যতটুকুই পড়াশোনা করুক না, তাকে কিছু করে খাওয়ার সক্ষমতা থাকতে হবে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, আমি এ এলাকা সম্পর্কে জেনেছি। এখানে মাদক, বাল্যবিবাহ ও অপরাধ বেশি সংঘটিত হয়। আমাকে এখানে আরো আগে আনা উচিত ছিলো। আমি চাঁদপুরে প্রায় তিন বছর এসেছি। কাজের ব্যস্ততায় এখানে আমার আসা হয়নি। তবে এখন থেকে আমি এখানকার ঘরে ঘরে আসবো। নারী পুলিশ সুপার হিসেবে এটা আমার বাড়তি সুবিধা। কেননা আমি নারী এবং পুরুষকে চার্চ করতে পারি। আজকে থেকে কেউ যদি মাদককে আশ্রয়-প্রশ্রয় দেয়, সে নারী হলেও তার কিন্তু ছাড় নেই। মনে রাখবেন, পাশের ঘরে আগুন লাগলে নিজের ঘর কিন্তু নিরাপদ নয়। আসুন, আমরা সবাই মিলে মানুষকে আলোর পথ দেখাতে কাজ করি।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র শাহেদুল হক মোর্শেদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পূবালী ব্যাংক লিঃ নূতনবাজার শাখার ম্যানেজার মাসরুর হাসান ভূঁইয়া ও ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও শিক্ষা কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত এবং এসএমসি সদস্য সাংবাদিক শওকত আলী। প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট ছড়াকার ও কবি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
এ ছাড়া গতকাল সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিদের ব্যাপক উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। এ সময় প্রধান অতিথি এ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, এরা শিশু, কাদা মাটির মত নরম, এদেরকে যেভাবে গড়ে তোলা হবে এরা ঠিক সেভাবেই গড়ে উঠবে। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জজ কোটের অ্যাডিশনাল পিপি, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডঃ দেবাশীষ কর মধু, চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ জাফর আলম ও পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত ও বিদ্যালয়ের উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ একেএম সামছুদ্দিন, ইনার হুইল ক্লাব চাঁদপুর সেন্ট্রালের সভানেত্রী মুক্তা পীযূষ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের কার্যকরী সদস্য শওকত আলী, সেলিম রেজা প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
