স্টাফ রিপোর্টার:
বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন আবারো বন্ধ হয়ে গেলো। এ নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। আবারো ভোটের আগের দিন রাতে আদালতের নির্দেশে বন্ধ হয়ে গেলো ভোটগ্রহণ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও প্রার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল অদৃশ্য শক্তির ইঙ্গিতে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে বারবার আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আর ওই মহলটিই মার্কেটে বিশৃঙ্খল অবস্থা জিইয়ে রেখে ফায়দা লুটছে। ব্যাপক প্রচার-প্রচারণায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনের প্রস্তুতি নেয়া হলেও শেষ পর্যায়ে এসে আবারো এ নির্বাচন স্থগিত হয়ে গেলো। গতকাল মঙ্গলবার চাঁদপুর জজ আদালতের সদর সহকারী জজ স্বাক্ষরিত এক পত্রে অনির্দিষ্টকালের জন্যে এ নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়।
এ নির্বাচন গত ২৯ আগস্ট হওয়ার কথা ছিলো। কিন্তু রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি সংগঠনটি ছাড়াও এর আগে হকার্স সমাজকল্যাণ সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়। একটি সংগঠন থাকা সত্ত্বেও হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি নামে রেজিস্ট্রেশনবিহীন আরেক সংগঠনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এমন অভিযোগ এনে এ নির্বাচন বন্ধ করার জন্যে হকার্স সমাজকল্যাণ সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে ২৮ আগস্ট রাতে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার স্বাক্ষরিত নির্বাচন বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত চিঠি প্রেরণ করেন। তারপর চাঁদপুর মডেল থানা পুলিশ নির্বাচন বন্ধ করে দেয়।
নির্বাচন বন্ধকরণ সংক্রান্ত পত্রে যা উল্লেখ করা ছিলো তা হলো : রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি ছাড়াও ১৯৮১ সালে চাঁদপুর হকার্স সমাজকল্যাণ সমিতি নামে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা হয়। যার রেজিঃ নং-কুমি-৬৯৬/৮১ খ্রিঃ। উক্ত সংগঠনটি স্বেচ্ছাসেবী (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুসারে নিবন্ধনকৃত। সংস্থার অনুমোদিত গঠনতন্ত্রের ধারা ০২-এর (গ) অনুচ্ছেদ অনুসারে উক্ত মার্কেটের কার্য এলাকায় অনুরূপ কোনো সমিতি, সংস্থা, ক্লাব, সংগঠন বা দল করা যাবে না মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু উক্ত বিধি উপেক্ষা করে অনুমোদন/রেজিস্ট্রেশন বিহীন ‘রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি’ নামে একটি সংগঠন কার্যক্রম পরিচালনা ও কমিটি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে মর্মে সূত্রস্থ পত্রের মাধ্যমে জানা যায়।
প্রথমবার নিবন্ধন না করার জন্যে রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন বন্ধ করা হলে ওই সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম ট্রেড ইউনিয়ন থেকে তাদের সংগঠনটির নিবন্ধন করার পর পুনরায় আজ ৯ নভেম্বর বুধবার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করলে হকার্স মার্কেট ব্যবসায়ী পরিচয়ে মোঃ আলমগীর হোসেন বাবু ও বজলুর রহমান বাদী হয়ে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। তাদের অভিযোগ হচ্ছে : তাদের ভোটার করা হয়নি এবং নিয়ম বহির্ভূতভাবে এ নির্বাচন করা হচ্ছে। সেই প্রেক্ষিতে নির্বাচন বন্ধ করার জন্যে আদালত নির্দেশনা জারি করেন। এদিকে নির্বাচন বন্ধ হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার কামাল উদ্দিন পাটোয়ারী জানান, আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকের নির্বাচন স্থগিত করেছি। তবে বাদী পক্ষ বিষয়টি নিয়ে পূর্বে বসে সমাধানের উদ্যোগ নিতে পারতো।
