রফিকুল ইসলাম বাবু ঃ আজ সোমবার ভোরের দিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটো রিক্সার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অটোচালকসহ আরো ২ জন। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ভোর আনুমানিক চারটার দিকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে চাঁদপুরের দিকে বরসিতে মাছ ধরতে আসছিল। অটোটি বাকিলার কাছে এলে অন্য একটি ভারী যান এটিকে সামনে থেকে ধাক্কা দেয়। পুলিশের ধারনা, যে যানটি অটোটিকে ধাক্কা দিয়েছে সেটি কাভার্ড ভ্যান হতে পারে। দুর্ঘটনায় এলেম হোসেন (৪৫), আবু সুফিয়ান (৪০) এবং আক্রাম হোসেন (২২) নামের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় অপর যাত্রী বিল্লাল হোসেন এবং সিএনজি চালক। খুব ভোরে দুর্ঘটনা ঘটায় এবং রাস্তায় লোক না থাকায় দুর্ঘটনা ঘটিয়েই ঘাতক যানটি দ্রুত চলে যায় এবং কেউ তা দেখতে পায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার সবার বাড়ি শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামে। তারা সম্ভবত চাঁদপুরে মাছ শিকার করতে আসছিল। কারণ, দুর্ঘটনার শিকার অটোটির ভেতর ও বাইরে মাছ শিকারের বড়শি এবং জাল পাওয়া গেছে।
