
চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আরো তিনজন বেড়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়ে এ সংখ্যা এখন ৯৭। গতকাল যে তিনজন আক্রান্ত হয়েছে তাদের একজন চাঁদপুর শহরের, একজন হাজীগঞ্জ ও একজন কচুয়ার। চাঁদপুর শহরে এখন রোগীর সংখ্যা হচ্ছে ৪৯ জন। বাদবাকিগুলো অন্যান্য উপজেলায়।
গতকাল চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে মোট রিপোর্ট আসে ২৯ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ৩ জনের। চাঁদপুর শহরের যে একজন আক্রান্ত তিনি একজন গর্ভবতী নারী। তার বাসা জিটি রোড এলাকায়।
গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্যে স্যাম্পল পাঠানো হয়েছে ১ হাজার ৩শ’ ৪২ জনের। এর মধ্যে গতকালকের ছিলো ১শ’ ২২জনের। গতকাল পর্যন্ত রিপোর্ট এসেছে ১ হাজার ৮৬ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ৮৮ জনের। এর বাইরে নয়জন আক্রান্ত হন ঢাকা, কুমিল্লা, লক্ষ্মীপুর ও মতলব আইসিডিডিআরবিতে। সব মিলিয়ে এ জেলায় মোট রোগী হচ্ছে ৯৭ জন। এর মধ্যে করোনাভাইরাস নিয়ে মারা গেছেন ৮ জন, যাদের প্রত্যেকের পরে পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া সুস্থ হয়েছেন ২১ জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৮ জন। এরা আইসোলেশন এবং নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসায় রয়েছেন। এদিকে এখনো রিপোর্ট আসার অপেক্ষায় আছে ২শ’ ৫৬ জনের।
