স্টাফ রিপোর্টার ^
গুলিতে নিহত ঢাকায় হোটেল ঘরোয়ার কর্মচারী রিয়াদ হত্যার খুনি আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ঢাকাস্থ চাঁদপুরবাসী।
বুধবার (৪নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ শহরের ঐতিহাসিক বড় মসজিদ সম্মুখে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ মানববন্ধন কর্মসূচীতে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপজেলা কমিউনিটি পুলিশিং সাবেক সাধারণ সম্পাদক ইকবালুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা কামাল মুজামদার, শহর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল, পূর্ব হাটিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী জহিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম, ডাঃ আওলাদুজ্জামান শোয়রাব উপস্থিত ছিলেন।
গত ২৭ অক্টোবর রাত পৌনে ১টার দিকে রিয়াদ গুলিতে নিহত হয়। এই ঘটনায় রিয়াদের বড় ভাই রিপন ২৮ অক্টোবর ঢাকা ওয়ারী থানায় আরিফকে আসামি করে মামলা দায়ের করে। বিবাদী পক্ষের হুমকিতে রিয়াদের পরিবারের নিরাপত্তা চেয়ে গত সোমবার রাতে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে।

