স্টাফ রিপোর্টার:
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে পথচারী চলাচলের সুবিধার্থে ফুটপাত ব্যবহার উপযোগী করার লক্ষ্যে গতকাল বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড়ে এক গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালী শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে চাঁদপুর মহিলা কলেজ সড়ক, মরহুম আবদুল করিম পাটওয়ারী সড়ক, মিজানুর রহমান চৌধুরী সড়ক, স্ট্র্যান্ড রোড ও জোড় পুকুর পাড় প্রদক্ষিণ করে পুনরায় শপথ চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান। পুলিশ সুপার তাঁর বক্তব্যে আগামী তিন দিনের মধ্যে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। পরবর্তীতে উচ্ছেদসহ আইনী ব্যবস্থাগ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অটোবাইক চলাচল নিয়ন্ত্রণ এবং ইঞ্জিন চালিত রিঙ্া পুরোপুরি বন্ধের নির্দেশ দেন। তিনি এমন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার আশ্বাস দেন। তিনি বলেন, কমিউনিটির দাবিতে আমরা এ কাজ করতে বাধ্য হয়েছি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত ও এএসপি (হেড কোয়ার্টার) শাকিল আহমেদ।কমিউনিটি পুলিশ চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও পৌর কমিটির সহ-সভাপতি রোটারিয়ান জামাল হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ অলিউল্যাহ অলি, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর পৌরসভার প্রধান কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপল, কমিউনিটি পুলিশ অঞ্চল-৪-এর সভাপতি কাজী মাহাবুবুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সংরক্ষিত পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাছির চোকদার, মাসুদ সর্দার, কুমিল্লা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, হকার্স মার্কেটের নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা প্রমুখ।
