ফরিদগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানায় ধর্ষক রাজুকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে থানায় মামলা দায়ের করতে আসার পথে ওই শিক্ষার্থীর পরিবারকে গতিরোধ করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল চেকআপের জন্য বুধবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই গ্রামের নজির আহম্মেদের ছেলে ধর্ষক রাজু প্রায়ই উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওঁৎ পেতে থাকা রাজু তার মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি শিক্ষার্থী তার মাকে জানালে তিনি এলাকার গণ্যমান্যদের জানান। স্থানীয়ভাবে মীমাংসার ব্যর্থ চেষ্টার পর অবশেষে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন শিক্ষার্থীর অভিভাবক। কিন্তু তাকে মামলা করতে থানায় আসার পথে ধর্ষকের পরিবারের লোকজন বাধা দেয় এবং মারধর করে । ধর্ষিতার মা বাদী হয়ে রাজুকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব কুমার দাস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
