প্রতিনিধি
ব্যাপক মাদকের বিস্তার, রমরমা জুয়ার আসর ও ভাসমান নারীদের নিয়ে ফূর্তিসহ নানা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের বাকিলা বাজার। হাজীগঞ্জ থানা থেকে ৫ কিলোমিটার পশ্চিম এবং জেলা সদর উপজেলা থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বের এ বাজারটি উত্তরে মতলব ও দক্ষিণে ফরিদগঞ্জ উপজেলা সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা খুব সহজেই এখানে আস্তানা গড়ে তুলেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ছোলা মদসহ নানা মাদকের ব্যাপক বিস্তার বাকিলা বাজারে ঘটেছে। এক সময়ের শান্ত ও সামাজিকভাবে ভদ্র পরিচিত অনেক যুব সমাজ এখন মাদকের সহজলভ্যতায় এর ছোবলের শিকার হয়েছে।
সূত্র জানায়, শুধু মাদকই নয়; বাকিলা বাজার ও এর আশ-পাশের নিভৃত পল্লীতে গড়ে উঠেছে বেশ কয়েকটি জুয়ার রমরমা আসর। প্রায় প্রতিদিন রাতেই জুয়ার আসরে শরীক হয় স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িরা। সঙ্গে ভাসমান নারীদের রাখা হয় মাদকের নেশায় অন্তরঙ্গ মুহূর্তে নিজেদের আরো ভোগ বিলাসে ডুবিয়ে রাখতে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়- হাজীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর এবং ঢাকা থেকে বাকিলা বাজারে মাদক সরবরাহ করা হয় এবং ওইসব স্থানগুলো থেকে জুয়াড়িদের একটি অংশ বাকিলা বাজারে আসে। এ জুয়ার নেতৃত্বে রয়েছে ঢাকা থেকে আসা জাহাঙ্গীর নামের এক বিশিষ্ট্য ব্যবসায়ী। আর স্থানীয়ভাবে এর নেতৃত্ব দেয় আরিফ নামের এক যুবক।
এছাড়া বাকিলা বাজারের মাদ্রাসার বিশাল একটি পুকুরের মাছ চাষ প্রজেক্টের উত্তর পাড়ের একটি ঘরে, গরুর বাজারের পাশের একটি ঘরে চলে নিয়মিত মাদকের আড্ডা ও নারীদের নিয়ে ফূর্তি। এর নেতৃত্ব দেয়-তাজুল, প্রদীপ, সুমন, মমিন বেপারী, জাকির হোসেন ও লিটনসহ বেশ কয়েকজন যুবক।
স্থানীয় সূত্র আরো জানায়, সরকার দলীয় রাজনীতির সঙ্গে এদের বেশির ভাগ লোকের সক্রিয় অংশগ্রহণ থাকায় ভয়ে কেউ প্রতিবাদ ও প্রতিকার পাচ্ছে না।
এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি জসীম উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগর চেষ্টা করে পাওয়া যায়নি।
তরুণ প্রজন্ম বেশি মাদকের সাথে জড়িত হচ্ছে শিকার করে বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাজনৈতিক,সামাজিকভাবে মাদক ও জুয়া বন্ধ করা উচিত। একাধিকবার পদক্ষেপ নিয়েও নিস্তার করা যায়নি।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
