জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হাতুড়ি ও কাঠের টুকরো দিয়ে পিটিয়ে বাবা নূরুল ইসলাম সর্দার (৬৫) ও তার কলেজ পড়ুয়া ছেলে হান্নান সর্দার (২৫)কে গুরুতর আহত করেছে।
গত রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের মধ্য আশিকাটি গ্রামের গাবতলী সর্দার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত পিতা ও পুত্রকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল মাস্টার, সদস্য আলমগীর খান ও দুলাল মাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত নূরুল ইসলাম সর্দার জানান, আমার জায়গার উপর প্রতিবেশী ইউনুছ গাজী বাউন্ডারী দিয়েছে। এখন আবার টিনের বেড়া ভেঙ্গে গেট তৈরি করেছে। তাদের জিজ্ঞাসা করলে রাজ মিস্ত্রিদের ব্যবহৃত হাতুড়ি এনে মাথা ও শরীরে আঘাত করে। আমার স্ত্রী ও ছেলে দৌড়ে আসলে তাদেরকেও ইউনুছ গাজী, তার স্ত্রী ফাতেমা বেগম ছেলে দেলোয়ার, খোরশেদ হাতুড়ি ও কাঠের টুকরো দিয়ে আঘাত করে। আহত নূরুল ইসলাম সর্দারের ছেলে হান্নান জানায়, প্রতিপক্ষরা প্রথমে আমার বাবা ও মায়ের ওপর হামলা করে। আমি এগিয়ে গেলে মাথায় আঘাত করে আমাকেও রক্তাক্ত করা হয়। ইউপি চেয়ারম্যান বিল্লাল মাস্টার বলেন, একতরফা তাদের উপর হামলা করা হয়েছে।
এ ঘটনায় প্রতিপক্ষ ইউনুছ গাজীর ছেলে খোরশেদ গাজী জানায়, নূরুল ইসলাম সর্দার আমার খালু হয়। আমাদের সীমানায় আমরা কাজ করার সময় তারা আগে আমাদের উপর হামলা করেছে। থানায় অভিযোগ করার পর পাঁচজনে দায়িত্ব নিয়েছে ঘটনা মীমাংসা করবেন।
