
কবির হোসেন মিজি
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ছিলো মানুষের উপচেপড়া ভিড়। মেলা শুরু হওয়ার পর থেকে মানুষের এমন ভিড় আগে কখনো লক্ষ্য করা যায়নি।
ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু করে গত মঙ্গলবার ১৬ ডিসেম্বর মেলার ১৬তম দিনে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। ওইদিন সরকারি ছুটির দিন হওয়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসেন। অন্যান্য দিন বিকেল তিনটায় মেলার কার্যক্রম শুরু হলেও দর্শনার্থীদের ভিড় থাকে স্বাভাবিক। কিন্তু ১৬ তারিখ বিকেল থেকেই শহর এবং শহরের আশপাশসহ বিভিন্ন উপজেলা থেকে আশা মানুষজন মেলা মাঠে প্রবেশ করতে থাকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মাগরিবের আযানের কিছুক্ষণ পরই মেলার বাইরে এবং ভেতরে ছোট বড় সব বয়সী মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। প্রবেশ পথ দিয়ে ঢুকতে গিয়েও হিমশিম খেতে হয় অনেককে। মেলার ভেতরে ঢুকে কেউ কেউ মানুষের ভিড়ের চাপে হাঁটা চলা করতে না পেরে এক জায়গায় দাঁড়িয়ে থেকেই চারিদিকে চোখ বুলিয়ে সময় পার করেছেন। কেউবা আবার দূর দূরান্ত থেকে মেলায় আসার কারণে গভীর রাতের আগেই বাড়ি ফেরার জন্য মানুষের ভিড়কে উপেক্ষা করেই মেলা মাঠে থাকা পুতুল নাচ, নাগর দোলা, চরকি ঘোরাসহ বিভিন্ন কসমেটিকসের স্টল ঘুরে দেখেন। অনেকে আবার বিজয় মেলা মঞ্চের অনুষ্ঠান দেখে সময় পার করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় মেলায় মানুষের উপচেপড়া ভিড়েরও অবশ্য কয়েকটা কারণ ছিলো। প্রথমত হলো ওইদিন ছিলো বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন দ্বিতীয়ত ছিলো অনেক স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পর অবসর সময়। এর বাইরে ওইদিন সন্ধ্যায় বিজয় মেলা মঞ্চে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী আয়োজিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন চাঁদপুরের বিভিন্ন সংগঠন ও শিল্পকলা একাডেমির শিল্পীরা। আর সে শিল্পীদের অনুষ্ঠান দেখার জন্য সেদিন তাদের শুভাকাক্সক্ষী ও অভিভাবকরাও মেলাতে আসেন। অপরদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। যার কারণে ওই দিন নেতৃবৃন্দের আগমনে দলীয় নেতা-কর্মীরাও মেলায় আসেন। সবকিছু মিলিয়ে বিজয় দিবসের দিন মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ছিলো মানুষের ঢল। এছাড়াও যতো দিন গড়াচ্ছে বিজয় মেলা ততোই জমে উঠছে। দিন দিনই বৃদ্ধি পাচ্ছে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড়।
