
মতলব উত্তর উপজেলায় বাক্প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রাম থেকে অভিযুক্ত ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার ৯ বছরের বাক্প্রতিবন্ধী শিশুর বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে একই এলাকার রিকশা চালক ইকবাল হোসেন (৪৫)। ঘটনার শিকার শিশুটি বাক্প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যদের কিছুই বলতে পারেনি। তবে তার শারীরিক অসুস্থতা এবং আচরণে বুঝতে পারেন। এ সময় শিশুটি আকার-ইঙ্গিতে ইকবাল হোসেনকে দেখিয়ে দেয়। তার মা নিজেরও বাক্প্রতিবন্ধী হওয়ায় ঘটনাটি নিয়ে বেকায়দায় পড়েন স্থানীয়রা। এ ঘটনার পর গ্রামে কয়েক দফা সালিসের আয়োজন করেন স্থানীয় এক শ্রেণীর পঞ্চায়েত। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ক’জন মিলে মঙ্গলবার রাতে সালিসে এমন সিদ্ধান্ত নেন যে, অভিযুক্ত ইকবাল হোসেনকে ১০১ জুতা পেটা দিয়ে গ্রামছাড়া করা হবে। কিন্তু সেখানে উপস্থিত হয়ে আলাউদ্দিন সরকারসহ আরো ক’জন অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়ার সিন্ধান্ত নেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে অভিযুক্তকে নিয়ে যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মৃধা জানান, গণধোলাইয়ের শিকার আসামীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই মেয়ে সন্তানের বাবা ধর্ষক ইকবাল হোসেনের স্বভাব-চরিত্র খারাপ থাকায় স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র চলে যায়।
