মতলব পৌরসভার শীলমন্দি গ্রামে প্রতিপক্ষের ঘুষির আঘাতে সুকুমার দাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।জানা যায়, ৪ মে শনিবার সকালে নিজ বাড়িতে ভাতিজা উজ্জ্বল ও তার মাকে একই বাড়ির হরি দয়ালের ছেলে তপন দাসসহ অন্যরা মারধর করে। সুকুমার ঝগড়া থামাতে আসলে তপন দাসসহ অন্যরা তার বুকে উপর্যুপরি ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সুকুমারের ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। উজ্জ্বল ও তার মাকে আহতাবস্থায় মতলব সরকারি হাসপাতালে ভর্তি করে। এদিকে রাতে সুকুমারের অবস্থা বেগতিক দেখে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্মরত চিকিৎসক মৃত বলে জানান। সুকুমারের স্ত্রী স্বর্ণাবালা এ প্রতিনিধিকে জানান, আমার স্বামীকে গোসাই দাসের ছেলে হরি দয়াল, হরি দয়ালের ছেলে তপন দাস, গোসাই দাসের ছেলে রাধা দাস, রাম দয়ালের ছেলে অরুণ ও রিপন মারধর করে। এতে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুকুমারের মৃত্যুকে ধামাচাপা দেয়ার জন্য পুলিশ হাসপাতালে আসার পূর্বেই সুকুমারের লাশ তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে যায়। প্রতিপক্ষরা বিত্তশালী হওয়ায় সুকুমারের মৃত্যুকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, সুকুমার স্ত্রী ও ৩ ছেলে রেখে যান। নিহত সুকুমারে স্ত্রী স্বর্ণাবালার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামীকে তপন, রাধা, অরুণ, রিপন, হরি দয়াল মেরে ফেলেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।
