স্টাফ রিপোর্টার:
বিএসটিআইর অনুমোদন না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে পানি উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ড্রিংকিং ওয়াটারসহ চাঁদপুরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চাঁদপুর শহরের প্রফেসর পাড়া, নতুন বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ড্রিংকিং ওয়াটার বাজারে সরবরাহকৃত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রথমে কোড়ালিয়া এলাকায় অবস্থিত আল-মক্কা পিউর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে যায়। সেখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিএসটিআই কাগজপত্র থাকায় ওই প্রতিষ্ঠানটিকে কোনো প্রকার জরিমানা করা হয়নি।
তারপর অভিযান চালানো হয় নতুন বাজারের প্রোগ্রেস ওয়াটার লিমিটেডে। এ প্রতিষ্ঠানটি অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে পানি উৎপাদন করে বাজারে সরবরাহ করায় এবং বিএসটিআইর অনুমোদন না থাকায় বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ ও বিএসটিআই এক্ট ২০০৩, ২৪ (১) ধারা মোতাবেক নগদ ৮ হাজার টাকা জরিমানা করে। একই নিয়ম বহির্ভূত কারণে রি_ফ্রেশ ড্রিংকিং ওয়াটার লিমিটেডকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাসস্ট্যান্ডস্থ স্বর্ণখোলা রোডস্থ মধু ফুড কনফেকশনারির চানাচুর পণ্য বাজারজাতকরণে বিএসটিআই অনুমোদন না থাকায় এবং খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় একই ধারায় সর্বনিম্ন নগদ ১৫ হাজার টাকা অর্থ দ- করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন, সিএম ফিল্ড অফিসার জিসান আহমেদ, অফিস সহকারী মিজানুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ।
