মতলব উত্তর উপজেলার বদরপুরে হযরত শাহ্ সোলায়মান লেংটা (রহঃ)-এর ওরশ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাজন চন্দ্র দাস।
বুধবার বিকেলে মেলা পরিদর্শনকালে এএসপি রাজন চন্দ্র দাস বলেন, লেংটার মেলায় কোনো রকম আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো যাবে না। আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে ছাড় দেয়া হবে না। গত বছরের ন্যায় এবারও আমরা সুশৃঙ্খলভাবে মেলা শেষ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করি। তিনি আরো বলেন, কেউ কোনো প্রকার চক্রান্ত বা দুষ্কৃতকারীর কবলে পড়লে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আমরা আইনের আওতায় এনে ব্যবস্থা নেবো। তিনি বলেন, মেলার আইন-শৃঙ্খলা শিথিল রাখার জন্য প্রায় ২০০ আইন-শৃঙ্খলা বাহিনী, আনসার ও কমিউনিটি পুলিশিং সদস্য মোতায়েন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান মুন্সি, লেংটার মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া, এসআই ওমর ফারুক, এসআই মোবারক হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকা, স্থানীয় ইউপি সদস্য শিবলু শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াশিম প্রমুখ।
