প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রাম থেকে রোজিনা আক্তার মুক্তা (২২) নামে এক গৃহবধূর মরদেহ গতকাল রোববার উদ্ধার করেছে পুলিশ। রোজিনা আক্তার উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের মহসীন বেপারীর স্ত্রী। সে কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের নাওপুরা গ্রামের মফিজুর রহমানের মেয়ে। গত দু’ বছর পূর্বে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, গত ২৯ দিন পূর্বে রোজিনা একটি কন্যা সন্তান জন্ম দেয়। ১১ মার্চ শনিবার মধ্য রাতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে রোজিনার শ্বশুর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।
রোজিনার পিতা মফিজুর রহমান বলেন, তার মেয়েকে স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করেছে। এ কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। ক’দিন আগে রোজিনাকে মারধরও করেছেন। তার মেয়ের সুখ-শান্তির জন্যে তিনি জামাতা মহসিনকে ১ লাখ ২০ হাজার টাকাও দিয়েছেন বলে জানান।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর হোসেন মামুন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত ছাড়া এখন আর কিছুই বলা যাচ্ছে না। রোজিনার পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।
