ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের স্ট্র্যাণ্ড রোডে চাঁদপুর বিল্ডার্স এর মালিকের মেয়েকে প্রেমের সম্পর্কে বিয়ে করার পর স্ত্রীর অধিকার চাইতে গিয়ে জনতার হাতে গণ ধোলাইয়ের শিকার হয়েছে প্রেমিক। গত ২৩জুন সোমবার রাত ১০টায় স্ট্যাণ্ড রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মডেল থানার এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্তবস্থায় প্রেমিক হাসিবুল হক (২৭)-কে উদ্ধার করে অটো রিক্সাযোগে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহত হাসিবুল হক ও তার মা জানায়, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যায়নরত অবস্থায় এ বছর জানুয়ারি মাসে মালিবাগে কাজীর মাধ্যমে চাঁদপুর বিল্ডার্সের মালিক মহসিনের মেয়ে রীমা (২২)-এর সাথে হাসিবুল হকের বিয়ে হয়। দীর্ঘ ৩ বছর প্রেমের সম্পর্ক থাকার পর তারা বিয়ে করে। রীমার মা ও বাবা হাজীগঞ্জের জনৈক গার্মেন্টস্ ব্যবসায়ীর সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করে। খবর পেয়ে হাসিবুল হক ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে এসে চাঁদপুর মডেল থানায় যায়। সেখানে কাবিন নামার কাগজ দেখিয়ে স্ত্রী দাবি করে রিমার অন্য ছেলের সাথে বিয়ে বন্ধ করার মৌখিক আবেদন জানায়। এ বিষয়ে পুলিশ আদালতের মাধ্যমে স্ত্রী চার্জ ওয়ারেন্টে করার জন্য হাসিবকে পরামর্শ দেয়। সে থানা থেকে বের হয়ে পাগলের মতো প্রেমিকা রীমাকে স্ত্রীর অধিকার চেয়ে তাদের স্ট্র্যাণ্ড রোডস্থ বাসায় গিয়ে উঠে। এ সময় রীমার বাবা-মা ও তার স্বজনরা ছিনতাইকারী বলে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে ছিনতাইকারী ভেবে গণ ধোলাই দেয়।
খবর পেয়ে চাঁদপুরের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে রীমার পরিবারের লোকজন জানায়, সে ছিনতাইয়ের উদ্দ্যেশে বাসায় প্রবেশ করেছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে মডেল থানার এসআই ওমর ফারুক এসে প্রকৃত ঘটনা জেনে আহতবস্থায় হাসিবুল হককে হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে রীমার পরিবারের লোকজন জানায়, প্রফেসার পাড়ার হোসনী ভিলার ভাড়টিয়া একে ফজলুল হকের ছেলে হাসিবুল হক দীর্ঘদিন যাবৎ আমাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। রীমাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজী না হওয়ায় হাসিবুল ঢাকা থেকে ভুয়া বিবাহ রেজিস্টার বানিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বাসায় প্রবেশ করেছে। স্থানীয়রা তাকে এখান থেকে চলে যেতে বললে সে ও তার লোকজন তাদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এ ঘটনায় উভয় পক্ষই চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
