হাজীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। গত বুধবার রাত আনুমানিক রাত ২টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাত প্রায় ১টার দিকে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধারের পরেই গতকাল বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর হবে। এ সময় তার গায়ে সাদা গেঞ্জি আর পরনে একটি লুঙ্গি ও মুখে সাদা দাড়ি দেখা গেছে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম চাঁদপুর কন্ঠকে জানান, রাতে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। গাড়িটি আটকের জন্য চেষ্টা করা হচ্ছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

