স্টাফ রিপোর্টার: হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের দুই বোনসহ একই বিদ্যালয়ের ৩ ছাত্রী নিখোঁজ হয়েছে। এ বিষয়ে ছাত্রীদের পরিবার আলাদাভাবে বুধবার ও বৃহস্পতিবার থানায় দুটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। এর আগে গত ২৫ এপ্রিল বুধবার বাড়ি থেকে বিদ্যালয়ের যাওয়ার পর নিখোঁজ হয়। তারা বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ তিন ছাত্রীর পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে তারা স্কুলড্রেস পরে স্কুলে যায়। দুপুরের টিপিনে বাড়িতে এসে আবারো স্কুলে চলে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকলস্থানে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তাই জিডি করা হয়েছে।
বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল জানান, গত বুধবার তিন ছাত্রীর উপস্থিত ছিলো। একইদিন দুপুরের পর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী চলে যায়।
তিন শিক্ষার্থী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে জানান, সহোদর দুই ছাত্রীর পিতা বুধবার এবং অপর ছাত্রীর মা বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (নং- ১১৪৪ ও ১১৮৫) করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত করছি।
