স্টাফ রিপোটার ॥
তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহরে ২০ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার ২০ দলীয় ঐক্য জোট এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ হারুনুর রশিদ, খলিলুর রহমান গাজী, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান মিয়া, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান, সদর উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পদক খলিলুর রহমান হাওলাদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ বিভিন্ন জিনিসের দাম বেড়েই চলছে। এ সরকারের আমলে এ পর্যন্ত ৮ বার বিদ্যুতের দাম বেড়েছে। সারাবিশ্বে যেখানে বিদ্যুতের দাম কম, সেখানে শুধু বাংলাদেশেই দাম বেড়ে চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজ জনগণ অসহায়। এ সরকার জনগণের কথা চিন্তা করে না। একের পর এক দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না কমালে কঠিন আন্দোলনে যাবে ২০ দলীয় জোট। তারা আরো বলেন, অচিরেই জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে মুক্তি না দিলে আমরা ২০ দলীয় জোট কঠোর আন্দোলনে যাবো।
