
সারাবিশ্ব অর্থনৈতিক মন্দা ও করোনা ভাইরাস আতঙ্কে ক্রান্তিকাল অতিক্রম করছে। সেখানে ফরিদগঞ্জের দানশীল ব্যক্তি আলহাজ ফারুক মোল্লা রিপন তার ব্যক্তি মালিকানাধীন ঢাকা, চাঁদপুর ও হাজীগঞ্জের মোট ৪টি বহুতল ভবনের এপ্রিল মাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ করে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি তিনি তাদের মালিকানাধীন মোল্লা ডেভলপমেন্টের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মার্কেটের ভাড়াটিয়াদের জন্যেও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছেন।
আলহাজ ফারুক মোল্লা (রিপন) মোল্লা ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সর্বদা গরিব ও দরিদ্র পরিবারদের বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য প্রদান করে যাচ্ছেন। এছাড়া তিনি তার এলাকায় গরিব ও অসহায়দের মধ্যে প্রায় ৪শ’ পরিবারকে মাসিক আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছেন। ফারুক মোল্লা রিপনের এ ভালো মানসিকতার কারণে এলাকাবাসীসহ গরিব ও দরিদ্র পরিবারের কাছে তিনি মানবতার সেবক হিসেবে পরিচিতি লাভ করেন। এ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকের সৌদিআরবে মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানে বাংলাদেশীসহ এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের শত শত শ্রমিক কাজ করছেন। তিনি কর্মক্ষেত্রে প্রিয়জন, দানশীল, পরোপকারী হিসেবে ইতিপূর্বে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তাই তিনি সকল শ্রমিকের কাছে কোনো বস অথবা স্যার নন, তিনি সকলের কাছে ভাই বলে পরিচিত।
ফারুক মোল্লা রিপন বর্তমানে করোনা ভাইরাসের কারণে যখন সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা যাচ্ছে ঠিক তখনই লক্ষ লক্ষ টাকা ভাড়াটিয়াদের মওকুফ করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
এ মহান ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুবিদপুর মোল্লা বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ মোঃ সহিদ মোল্লা শফিক।
ফারুক মোল্লা রিপন সৌদি আরব থেকে মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক যে সমস্যা দেখা দিয়েছে সেটা সহজে পূরণ করা সম্ভব নয়। সে বিষয়টি বিবেচনা করে আমার সকল ভাড়াটিয়ার এপ্রিল মাসের ভাড়ার টাকা মওকুফ করে দিয়েছি।
তিনি আরো বলেন, সকল বাড়িওয়ালার উচিত ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের প্রত্যেকটি উপদেশ মেনে চলা। পরিশেষে তিনি সকলকে ঘরে থেকে নামাজ পড়ার জন্যে ও আল্লাহকে বেশি বেশি করে ডাকার অনুরোধ করেন এবং তার ও তার পরিবারের জন্যে এবং দেশবাসীর জন্যে দোয়া চান।
