স্টাফ রিপোর্টারস্ত্রী কর্তৃক স্বামীকে নানাভাবে নির্যাতন এবং স্ত্রী দ্বারা যে কোনো সময় হত্যার শিকার হতে পারে এ আশঙ্কাসহ অন্যান্য অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালত শাহরাস্তি, চাঁদপুরে গতকাল ১৩ মার্চ একটি মামলা দায়ের করেছেন স্বামী। এ হতভাগ্য স্বামী হচ্ছেন শাহরাস্তি পৌর এলাকার ১২৫নং চেয়ারম্যান বাড়ির মোজাম্মেল হক পাটোয়ারীর ছেলে এহেতেশামুল গণি।
মামলার আর্জিতে বলা হয় ২০১৫ সালের ২৭ জুলাই এহেতেশামুল গণির সাথে একই উপজেলার দোপাল্লা গ্রামের মৃত মোঃ আবুল বাসারের কন্যা ইশরাত জাহানের বিয়ে হয়। তাদের ঘরে ১ বছর ১ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে স্ত্রী ইশরাত জাহানের সাথে দাম্পত্য জীবনে নানা কারণে কলহ সৃষ্টি হলে স্বামী এহেতেশামুলকে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় এবং পুলিশের ভয় দেখিয়ে গত ১১ ফেব্রুয়ারি পুলিশ সুপারের নির্দেশে শাহরাস্তি থানা পুলিশ এহেতেশামুল গণিকে থানায় এনে হয়রানি ও লাঞ্ছিত করে পুলিশকে দিয়ে ইশরাত জাহান তার সংসারিক খরচের কথা বলে ৭০ হাজার টাকা আদায় করে। গত বছরের ১০ নভেম্বর ইশরাত জাহান স্বামী এহেতেশামুল গণির মূল্যবান স্বর্ণালঙ্কার ও বাসার যাবতীয় আসবাবপত্র অজ্ঞাত স্থানে স্থানান্তর করে। যেহেতু স্বামী এহেতেশামুল গণি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং ইশরাত জাহানের অযৌক্তিক দাবি পূরণ না করে তালাক দিলে সে পুলিশকে প্রভাবিত করে মিথ্যা মামলা দায়ের করার হুমকি দিচ্ছে তাই শাহরাস্তি থানা অফিসার ইনচার্জের উপস্থিতিতে এ মামলাটি নিষ্পত্তির স্বার্থে পুলিশ সুপার চাঁদপুর ও অফিসার ইনচার্জ শাহরাস্তিকে এ মামলায় শ্রেণীভুক্ত করা হয়।
