চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামে প্রতিবন্ধী দু’ সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন সেলিম নামে এক পিতা। তাদের ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী ভাতা। শারীরিক সমস্যা থাকার কারণে অসহায় সেলিম হাওলাদার নিজেও তেমন কোনো কাজ কর্ম করতে পারছে না। তারপরেও অন্যের জমিতে কৃষি কাজ করে প্রতিবন্ধী দু’ সন্তানকে নিয়ে কোনো রকম দিনযাপন করে চলেছেন।
জানা যায়, মধ্য মদনা গ্রামের হাওলাদার বাড়ির সেলিম হাওলাদারের দুই সন্তান হালিম হাওলাদার (১৬) ও হাকিম হাওলাদার (৯) জন্ম থেকেই প্রতিবন্ধী। বড় ছেলে হালিম হাওলাদার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ালেখা করে। আর ছোট ছেলে হালিম হাওলাদার মধ্য মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
তাদের পিতা সেলিম হাওলাদার জানান, জন্মগতভাবেই তার দু’ সন্তান প্রতিবন্ধী। তারা দু’ জনই স্কুলে পড়ালেখা করছে। প্রতিবন্ধী দু’ ছেলের জন্যে কোথাও থেকে কোনো প্রতিবন্ধী ভাতা পায় নি। শুধুমাত্র তাদের স্কুল থেকে উপবৃত্তি হিসেবে কিছু টাকা পাচ্ছেন।
তিনি আরো জানান, ভাতার জন্যে আবেদন করেও কোনো লাভ হয় নি। বহুদিন আগে চান্দ্রা ইউনিয়ন পরিষদে তাদের প্রতিবন্ধী ভাতার জন্যে আবেদন করা হয়। ওই আবেদনের রিসিভ কপি দেখিয়ে বলেন, ভাতা পাওয়ার ব্যবস্থা হয় নি। গরিব হিসেবে কৃষি কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে বেশিক্ষণ কাজ করতে পারেন না। তাই তার সন্তান দুটোর জন্যে সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা আশা করছেন তিনি। ভাতা পেলে প্রতিবন্ধী ছেলে দুটির জীবন পরিচালনার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতেন।
