জাতীয় পুরস্কার ঘিরে আবার বিতর্ক। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জাতিস্মর’ ছবির জন্য সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা হয়েছে কেবল সাবর্ণী দাসের। কিন্তু ছবির আরেক পোশাক পরিকল্পক ছিলেন অজপা মুখোপাধ্যায়। তাঁর নামের কোনও উল্লেখ নেই।
তার চেয়েও গুরুত্বপূর্ণ খবর হল, ছবির টাইটলে কার্ডেও অজপার নাম নেই। স্বস্তিকা মুখোপাধ্যায়ের বোন অজপা তাঁর অভিনীত দু’টি চরিত্র মহামায়া এবং সৌদামিনীর পোশাক পরিকল্পনা করেছিলেন। ছবি মুক্তির পর, টাইটেল কার্ডে নাম না দেখতে পেয়ে স্বস্তিকা ছবির পরিতালক সৃজিত মুখাপাধ্যায়কে ফোন করেছিলেন। স্বস্তিকা বলছেন, “সৃজিতের বক্তব্য ছিল- নাম আছে, তোরা ওভারলুক করে গিয়েছিস। লুক-ই করলাম না তো ওভারলুক কোত্থেকে করব? আমার বেশিরভাগ স্টাইলই অজপা করে। ‘জাতিস্মর’-এ আমার লুক বা স্টাইলিংয়ের প্রশংসা, যাঁরা দেখেছেন সবাই করেছেন। সেই প্রেক্ষিতে, আমার বোন বলে নয়, একজন পেশাদার হিসেবে তো এটা ওর প্রাপ্য। টাইটেল কার্ডে নাম না থাকাটা অত্যন্ত অত্যন্ত অসম্মানজনক ও আনএথিকাল। যারা সারাক্ষণ নিজেদের সৎ এবং এথিকাল বলে ঘোষণা করে, তাদের এমন ভুল হওয়া তো উচিত নয়। সাবর্ণীদির সাফল্যে আমি খুশি, কিন্তু আমার স্টাইলিং বাদ দিয়ে তো ওঁর নাম ঘোষণা হয়নি।”
অজপা বলছেন, “আমি সৃজিতকে বহুবার ফোন করে জানতে চেয়েছিলাম কারণটা। ও ফোন তোলেনি৷ রানা সরকারকেও (কার্যনির্বাহী প্রযোজক) ফোন করেছিলাম। উনিও ফোন তোলেননি। তার দশ দিন পর ছবির ‘এডি’ ফোন করে ‘সরি’ বলে। আমি বলেছিলাম, তুই কেন সরি বলছিস? তোর তো এটা দায়িত্ব নয়।” প্রযোজক রিলায়েন্স এন্টারটেইনমেন্টের তরফে জয়ন্ত কুমার রায় বলছেন, “টাইটেল কার্ডে টেকনিসিয়ন, কাস্ট, ক্রুদের লিস্ট দেবার দায়িত্ব পুরোপুরি পরিচালকের। ব্যাপারটা নিঃসন্দেহে দুঃখজনক৷ ওরা মনোক্ষুন্ন তো হবেনই। কী জানি, হয়তো সৃজিত কাজের চাপে ভুলে গিয়েছে।”
সংস্থার মুম্বাই প্রধানকে চিঠির মাধ্যমে স্বস্তিকা ব্যাপারটি জানিয়েছেন। তিনি ব্যাপারটা দেখবেন বলেও জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য, ‘জাতিস্মর’-এ কাজ করার জন্য পুরো পারিশ্রমিক পাননি অনেকে এখনও। তার মধ্যে স্বস্তিকা আর অজপা, দু’জনেই রয়েছেন।
