
প্রতিনিধি ॥
চাঁদপুর জেলায় আগামী ২৩ ডিসেম্বর ৩লাখ ৯ হাজার ৬১৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৪শ’ ২৪ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯মাস বয়সী ২লাখ ৭৪হাজার ১৯২জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে এ উপলক্ষে চাঁদপুরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সফিকুল ইসলাম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর চিত্র ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং বিষয়টি প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সিভিল সার্জন বলেন, চাঁদপুর জেলায় ২হাজার ২শ’ ৬১ কেন্দ্রে ৩হাজার ৪শ’ ৫৯জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এদের তত্ত্বাবধানে থাকবেন ৫০৫জন কর্মকর্তা।
সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন সুবিধা-অসুবধি তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদ ও সাংবাদিক বিএম শাহাদাত হোসেন শান্ত ও কাদের পলাশ।
