চাঁদপুর নিউজ রিপোর্ট
সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের আব্দুল মালেক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর একটায় রাজধানী রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল মালেকের মৃত্যুর খবর চাঁদপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় এখন পরিবারটি।
১৯৯৫ সালে বাবার মৃত্যুর পর ৯ ভাইবোন সংসারের সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন সদর উপজেলার পশ্চিম বাগদী গ্রামের আব্দুল মালেক। পরিবারের বড় সন্তান হিসেবে সংসার চালানোর জন্য পাড়ি জমান সৌদি আরবের রিয়াদে। কাজ নেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। দীর্ঘ ২০ বছর ধরে ভালোভাবেই কাজ করছিলেন সেখানে। দু’টি ফুটফুটে সন্তানও রয়েছে তার। কিন্তু সুখ যেন ভাগ্যে ছিলো না মালেকের। বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাবার পথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আব্দুল মালেক। দুর্ঘটনার খবরে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আব্দুল মালেকের লাশ যতো দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। ২০১৪ সালে দেশে এসেছিলেন নিহত আব্দুল মালেক। আগামী জানুয়ারিতে আবারো তার দেশে ফেরার কথা ছিল।
